বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার বিকালে নগরীর কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘরে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটির (পিআরইউ) উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেলাল উদ্দিন বলেন, ‘যতবারই দেশ ক্রান্তিকালে পড়েছে একটি পরিবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সেটি হলো এই রহমানের পরিবার।’
‘আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করতে এই ধরনের ফোরাম (পিআরইউ) বাংলাদেশের জন্য খুবই জরুরি। যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হয় তাহলে জাতীয়তাবাদের কোনো বিকল্প নেই।’
প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমাদের মাতৃসম নেতৃত্ব যিনি দেশের অধিকার সমুন্নত রাখতে গিয়ে নিজের প্রাণ দিয়েছেন, সেই নেত্রী খালেদা জিয়া কোনো সময় অন্যায়ের সঙ্গে, দেশবিরোধী শক্তির সঙ্গে আপস করেননি। একইভাবে তারেক রহমান কোনো অন্যায়ের সঙ্গে আপস না করে অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। দেশবিরোধী শত ষড়যন্ত্রের পরেও দেশের মানুষ তার ওপর আস্থা রেখে দুই-তৃতীয়াংশের বেশি আসনে তার দলকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।’
‘জিয়াউর রহমান শুধু দেশের আত্মিক অর্থে স্বাধীনতাকে দিয়ে যাননি। তিনি বাক-স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা এবং একই সঙ্গে সার্বভৌমত্বের স্বাধীনতা ফেরত দিয়েছেন। অর্থনীতির যে তিনটি স্তম্ভের ওপর দেশ দাঁড়িয়ে আছে কৃষি খাত, আরএমজি সেক্টর অর্থাৎ গার্মেন্টস সেক্টর এবং শ্রম রপ্তানি সেক্টর–এই তিনটিরই প্রবক্তা হচ্ছেন তিনি।’
পিআরইউর মতো আরও সংগঠন দেশে দরকার মন্তব্য করে মীর হেলাল বলেন, ‘এখন সময় এসেছে ১৭ বছরের যে মিথ্যা প্রোপাগান্ডা করা হয়েছে, জেল হত্যা মামলায় তাকে আসামি দেখানো হয়েছে। মামলা হয়েছে ৪ নভেম্বর। অথচ ৩ নভেম্বর থেকে তিনি ঘরে গৃহবন্দী। এসব মিথ্যা কথা বলে ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করবে। এজন্যই বক্তব্যের শুরুতে বলেছি, যে অর্গানাইজেশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে, এদের মতো আরও সংগঠন হতে হবে। যারা সত্য ইতিহাসটা তুলে ধরে।’
পিআরইউর আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, পিআরইউ উপদেষ্টা ও জাসাসের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা প্রমুখ।
এ সময় মন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে পিআরইউ সদস্য জহিরুল ইসলাম জহিরের ‘অনান্য রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।


