ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া প্রবাসীদের তিন লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। বুধবার সকালে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান সালীম আহমাদ খান।
তিনি জানান, ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা সাত লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ব্যালট হাতে পেয়েছেন পাঁচ লাখ ২৪ হাজার ৮৬৯ প্রবাসী। ভোট দিয়েছেন চার লাখ ৭২ হাজার ৪১০ জন।
সালীম আহমাদ খানের দেওয়া তথ্যানুযায়ী, ভোট দেওয়া শেষে চার লাখ ৩১ হাজার ৭৪৮টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে দেশে পৌঁছেছে তিন লাখ ২৬ হাজার ২০টি ব্যালট।
এ ছাড়া ৪১ হাজার ১৭৮টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
দেশের অভ্যন্তরীন পোস্টাল ভোট:
নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার পর্যন্ত দেশের অভ্যন্তরে ছয় লাখ ৬২ হাজার ১৯১ ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। তাদের মধ্যে ব্যালট গ্রহণ করেছেন এক লাখ ৭০ হাজার ৯৮৯ ভোটার। ভোট দিয়েছেন এক লাখ ৩১ হাজার ৬৯১ জন এবং পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন এক লাখ ৪ হাজার ১৬৫ জন।


