বর্তমানে দেশে জরাজীর্ণ ও দায়বদ্ধহীন সাংবাদিকতা চলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) আয়োজিত ‘যোগাযোগ উৎসব ২০২৬’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানটি ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এদিন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উৎসবে ‘বাকস্বাধীনতার প্রহসন ও সাংবাদিকতায় নিরাপত্তা’ শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সভায় তিনি বলেন, ‘একজন রাজনীতিবিদ হিসেবে আমি যে সাংবাদিকতা দেখি, তাতে বর্তমানে দেশে জরাজীর্ণ ও দায়বদ্ধহীন সাংবাদিকতা চলছে। কিন্তু সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা যদি সাংবাদিকতায় আসতেন, তবে সাংবাদিকতার যে দৈন্যদশা চলছে, সেটা থাকত না।’
তিনি বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা সীমাহীন না, এটা সত্য। তবে সীমা কতটুকু? কাউকে না কাউকে তো সীমা নির্ধারণ করতে হবে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘দেশে গত সাড়ে ৫ বছর নিয়মিত হামের টিকা না দেওয়ায় অনেক শিশু মারা গেছে। হামে যখন টালমাটাল পরিস্থিতি, তখন সরকার বিদেশ থেকে টিকা এনে এপ্রিল মাসে টিকা প্রদান কার্যক্রম শুরু করে। শুরুতে যেসব এলাকার পরিস্থিতি অত্যন্ত নাজুক, সেসব এলাকায় টিকা দেওয়া হয়েছে।’


