দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার চেয়ে ১ দশমিক ৭ গুণ বেশি বন্দী আটক আছেন। বর্তমানে মোট বন্দীর সংখ্যা ৭৭ হাজার ৪০ জন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
টেবিলে উত্থাপিত জবাবে মন্ত্রী বলেন, ‘৭ জুন পর্যন্ত তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারে অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ ৪৩ হাজার ১০৭ জন ও নারী ২ হাজার ২৯ জন। বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন বন্দি আটক আছেন। এর মধ্যে পুরুষ ৭৪ হাজার ৩৬ জন ও নারী ২ হাজার ৭৭ জন।’
ধারণক্ষমতার অতিরিক্ত বন্দী থাকায় কিছু কারাগারে আবাসন সমস্যা রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমস্যা সমাধানে ইতোমধ্যে কেরাণীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগার, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ ও খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুরে কারাগার-২ শিগগিরই চালু করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগার পুনর্নির্মাণ সঙ্গে নরসিংদীতে নতুন কারাগার নির্মাণকাজ চলছে। এই চারটি কারাগারের কাজ শেষ হলে ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বাড়বে। তখন মোট ধারণক্ষমতা দাঁড়াবে ৪৮ হাজার ১৩১ জনে। রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্পও নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে ধারণক্ষমতা আরও বাড়বে।


