দেব-দেবী নিয়ে আপত্তিকর ভিডিও বানাল যুবক, গ্রেপ্তার

দেব-দেবী নিয়ে আপত্তিকর ভিডিও বানাল যুবক, গ্রেপ্তার
Advertisement
Advertisement

পাবনার চাটমোহরে দেব-দেবী নিয়ে আপত্তিকর ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আওলাদ হোসেন (১৯)। তিনি উপজেলার কাটাখালি মধ্যপাড়া গ্রামের মোহর চাঁদের ছেলে ও চাটমোহর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

মামলা সূত্রে জানা গেছে, সদ্য শেষ হওয়া চড়ক পূজা নিয়ে আওলাদ হোসেন একটি ভিডিও বানান। সেখানে তিনি হিন্দুদের দেব-দেবী ও হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ভিডিওটি গত বুধবার কেসিপি মিন্টু ব্লগস নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দেন। এরপরেই ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের নজরে আসে এবং সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন

শুক্রবার এ ঘটনার পরিপ্রেক্ষিতে আওলাদ হোসেনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে সমীর বিশ্বাস নামের এক ব্যক্তি চাটমোহর থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে থানা পুলিশ আওলাদ হোসেনকে গ্রেপ্তার করে।

চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চাটমোহর সম্প্রীতির শহর। এখানে ধর্ম নিয়ে কখনোই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার চাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, থানায় ধর্মঅবমাননার অভিযোগে মামলা হয়েছে। আওলাদ হোসেন নামের ওই যুববকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad