দীর্ঘদিন অসুস্থ অভিনেতা হান্নান শেলী

দীর্ঘদিন অসুস্থ অভিনেতা হান্নান শেলী
অভিনেতা হান্নান শেলী
Advertisement
Advertisement

একসময় অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করা অভিনেতা আব্দুল হান্নান শেলী এখন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রায় শয্যাশায়ী জীবন কাটছে তার। এমনকি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছে।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এই গুণী অভিনেতা। তিনি জানান, তার অসুস্থতা নিয়ে বিভিন্ন ধরনের ভুল তথ্য ও বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে পড়ছে।

হান্নান শেলী বলেন, অনেক শিল্পী তার খোঁজখবর নিচ্ছেন। তবে দূরত্ব ও নানা কারণে সবাই সরাসরি দেখা করতে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়ভাবে কয়েকজন তার সঙ্গে দেখা করতে এসেছেন।

চিকিৎসা সম্পর্কে তিনি জানান, প্রায় এক মাস আগে ভারতে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। সেখানে তাকে তিন মাসের ওষুধ দেওয়া হয়েছে এবং বর্তমানে নিয়মিত সেই ওষুধ সেবন করছেন।

অসুস্থতার পাশাপাশি আর্থিক সংকটও ভোগাচ্ছে তাকে। হান্নান শেলী বলেন, বর্তমানে তার কোনো ব্যক্তিগত আয় নেই। শিক্ষকতা পেশায় থাকা স্ত্রীর উপার্জনের ওপর নির্ভর করেই সংসারের সব ব্যয়ভার চলছে।

আরও পড়ুন

দীর্ঘদিন ঘরে বন্দি জীবন কাটানোর কারণে মানসিকভাবেও কষ্টে আছেন বলে জানান এই অভিনেতা। তার ভাষায়, একাকীত্ব অনেক বেশি পীড়া দেয়। এ সময় কেউ ফোন করে খোঁজ নিলে বা কথা বললে ভালো লাগে।

এদিকে অভিনেতার চিকিৎসা ও সহায়তার বিষয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, প্রায় দুই মাস আগে সংগঠনের পক্ষ থেকে হান্নান শেলীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি শিল্পী কল্যাণ তহবিলে সহায়তার জন্য তার ফাইল পাঠানো হয়েছে।

তিনি বলেন, এখনো সংশ্লিষ্ট তহবিল থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়মিত তদারকি করা হচ্ছে এবং অভিনেতার শারীরিক অবস্থার খোঁজও রাখা হচ্ছে।

বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ আব্দুল হান্নান শেলী। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কিত্তনখোলা, দ্য লাস্ট ঠাকুর এবং ওটিটি প্ল্যাটফর্মে আলোচিত দুই দিনের দুনিয়া। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও ভক্তরা উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad