‘দেশকে রক্ষার জন্য’ আগামী নির্বাচনে ধানের শীষকে জেতানোর জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনে ধানের শীষ জয়ী হলে দেশ রক্ষা পাবে। ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটি বাস্তবায়ন করতে হবে। এর কোন বিকল্প নাই। সবার আগে বাংলাদেশ। নো কমপ্রমাইজ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ গড়ার জন্য বিএনপি যে পরিকল্পনা দিয়েছে তা আর কোনো রাজনৈতিক দল দিতে পারেনি। এখন এই পরিকল্পনা বাস্তবায়নে যুদ্ধে নেমে পড়তে হবে। ‘দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটেল।’ তিনি বলেন, এই যুদ্ধ মানুষের জন্য, দেশের জন্য।
তারেক রহমান বলেন, বিএনপির পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে হবে। জনগণকে বুঝাতে হবে-এর কোনো বিকল্প নাই। তা নাহলে এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় এতে যুব দল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন।


