সিরাজগঞ্জে ৮৫ বছর বয়সী দাদিকে গলা কেটে হত্যার পর ফেসবুকে দুটি স্ট্যাটাস দেন নাতি সজিব হাসান (২২)।
একটিতে তিনি লিখেছেন ‘আল্লাহু আকবার’, আর পরের স্ট্যাটাসে ছিল ‘ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না’।
বুধবার রাত ২টার দিকে উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরু গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সন্দেস খাতুন (৮৫) ওই এলাকার মৃত নওশের মোল্লার স্ত্রী এবং সজিব হাসানের বাবা আহম্মাদ আলী তার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে সজিব তার দাদির ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধা সন্দেস খাতুনকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরপরই তিনি নিজের ফেসবুক আইডিতে প্রথমে ‘আল্লাহু আকবার’ লিখে স্ট্যাটাস দেন। এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে লেখেন, ‘ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না।’
ফেসবুক স্ট্যাটাস এবং হত্যাকাণ্ডের বিষয়টি সজিবের বাবার নজরে এলে তিনি সলঙ্গা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্তকে আটক করে।
সজিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তার মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
সন্দেস খাতুনের ছোট ছেলে আইয়ুব আলী বলেন, ‘সজিব এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় কোচিং করছিল। সম্প্রতি সে কিছুটা অপ্রকৃতস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর থেকে সে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে থাকে।’
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিব নেশাগ্রস্ত এবং মানসিক সমস্যার কারণেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থাও নেওয়া হবে।


