বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ২৬ জনের মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গত ২৪ ঘণ্টার তথ্য নিয়ে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫ জন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ২৬ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে। আর বৃহস্পতিবার পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মৃত্যু সংখ্যা ১৩ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক চারজন হাম রোগীর মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৭ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট সন্দেহজনক নতুন হাম রোগী ভর্তি হয়েছে ২ হাজার ৩৬৩ জন। আর এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৩০ জন।


