তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপির সংসদীয় দল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে বলা হয়, মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির নব-নির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এরপর দাঁড়িয়ে করতালির মধ্যদিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির সংসদ সদস্যরা।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন দলটির সংসদ সদস্যরা। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সবার আগে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সংসদীয় দলের বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘এটা একটি ঐতিহাসিক মূহুর্ত যে দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্রকে ধবংস করে দেওয়া, সংসদকে অকার্যকর করা এই পর্বের পরে জনগণের অনেক রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি সংসদ পেয়েছি। এই সংসদের মধ্য দিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুন নেতা জনাব তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি।’
তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন মির্জা ফখরুল।


