পাবনার চাটমোহরে আম পেড়ে দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কিশোর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে ওই শিশুটি বাড়ির পাশে একাই খেলছিল। এ সময় ওই কিশোর শিশুটিকে আম পেড়ে দেওয়ার কথা বলে বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসায় পালিয়ে যায় অভিযুক্ত কিশোর।
পরে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
শিশুটির বাবা বলেন, ‘আমরা কোন সমাজে বাস করছি যেখানে শিশুও নিরাপদ নয়! বাবা হয়ে মেয়ের এমন অবস্থা মেনে নিতে পারছি না। যে আমার মেয়ের এই অবস্থা করেছে তার ফাঁসি চাই।’
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কানিজ ফাতেমা বলেন, ‘শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি জামা কাপড় ও গোপনাঙ্গে কিছু স্পার্ম-এর আলামত পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন।
অভিযুক্তকে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


