তারেক রহমান ‘খুব শিঘ্রই’ দেশে ফিরবেন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র দেশ কেঁপে ওঠে।
বৃহস্পতিবার সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এই কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। নেতা যেদিন আসবেন, বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা সামনের দিকে এগোতে চাই, প্রগতির দিকে এগোতে চাই। বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চাই।’
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বক্তব্যে তিনি বলেন, ‘১৯৭১ সাল আমাদের অস্তিত্ব, এ কথাটা খুব দৃঢ়ভাবে মনে রাখবেন। কেউ কেউ বলছেন, ১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথা বলার দুঃসাহস দেখান তারা।’
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের রেশ টেনে তিনি বলেন, ‘পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা? আরেক ফ্যাসিজম অন্যদিক থেকে আমাদের ওপরে চেপে বসতে চাইছে কিনা? মানুষকে বিভ্রান্ত করে ধর্মকে ব্যবহার করে তারা বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা? সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে।’
এসময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া চান বিএনপি মহাসচিব।


