বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
রোববার বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শোক বইতে সই করার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন সাইফুল হক। সাক্ষাৎকালে তাদের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং গণতন্ত্রকে সুসংহত করার বিষয়সহ নানা বিষয়ে আলোচনা হয়।
এ সময় খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সান্ত্বনা ও সমবেদনা জানান সাইফুল হক। পাশাপাশি খালেদা জিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক ঘটনার স্মৃতিচারণও করেন তিনি।
সাক্ষাৎ শেষে সাইফুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে আমাদের দলের পক্ষ থেকে সান্ত্বনা ও সহমর্মিতা প্রকাশ করেছি।’
তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারি এবং এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করা যায়, সে বিষয়েও আমরা আলোচনা করেছি।’
আলোচনায় নির্বাচনের বিভিন্ন দিক এবং ৩১ দফার রাষ্ট্র কাঠামো রূপান্তরের বিষয়গুলো উঠে আসে। সাইফুল হক বলেন, মবসন্ত্রাস এবং জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নিয়ে তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেছেন। মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য সৃষ্টির বার্তাও দিয়েছেন তিনি। দেশকে ঐক্য ও সংহতির পথে এগিয়ে নেওয়ার কথাও বলেন তারেক রহমান।
সাক্ষাতের সময়ে কেন্দ্রীয় কমিটির বহ্নিশিখা জামালী, আকবর খানসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মিত্র দল শরিক জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


