বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার প্রথম দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘তারেক রহমানের নিরাপত্তা প্রথমত সরকারের দেখার কথা, তারপর দল।’
মঙ্গলবার দুপুরে ঢাকার ৩০০ ফিট সড়কে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ হবে।
এ সময় নিরাপত্তা নিশ্চিতে সরকারের নেওয়া পদক্ষেপের কিছু উদাহরণ ও দৃষ্টান্তও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক উল্লেখ করে রিজভী জানান, লন্ডনে দীর্ঘ ১৮ বছর থাকার পর ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তন ঘিরে ওই দিনটি স্মরণীয় করে রাখতে এরই মধ্যে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানা যায়, তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় জনগণের কাছে যাবেন। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কাছে যাবেন তিনি।
এদিন রাতে তারেক রহমান থাকবেন গুলশান এভিনিউর বাসায়। পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিতে তৎপর থাকবেন দলের নেতাকর্মীরা।
এ ছাড়া তাদের সঙ্গে আলাদাভাবে থাকবে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। সরকারের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও সূত্র জানায়।


