মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে নাসিরউদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার দুপুরে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয় ফকিরাপুলে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম জানান, এর আগে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়া হয়েছিল। এবার নাসিরউদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ যখন গণতন্ত্রের পথে এগোচ্ছিল এবং একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হচ্ছিল, তখন তরুণ প্রার্থীদের টার্গেট করা হচ্ছে। তার মতে, এসব হামলা তরুণ নেতৃত্বের প্রতি রাজনৈতিক ভয়ের বহিঃপ্রকাশ।
আঘাত এলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, তারা মুখোমুখি সংঘাত চান না। তবে প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তাহলে দল হিসেবে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জামায়াত নিয়ে কথা বললেও বিএনপি নিজেদের অতীতের কর্মকাণ্ড নিয়ে নীরব। ২০০১ থেকে ২০০৬ সালের শাসনামলের জন্য ক্ষমা চেয়ে তাদের নতুন করে রাজনীতি শুরু করা উচিত ছিল।
মির্জা আব্বাসকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘৩০ টাকা নিয়ে রাজনীতিতে এসে এখন সাম্রাজ্য গড়েছেন। আগে যা করছেন করেছেন, সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন, তাহলে পরিণতি ভালো হবে না।’


