বাংলাদেশে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে বিদেশের কূটনৈতিক মিশনগুলো থেকে স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সুলতান উদ্দিন আহমেদ (৪৬)। শনিবার রাজধানীর তিতুমীর কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, সুলতান উদ্দিন আহমেদ মন্ত্রিপরিষদ সচিব পরিচয় দিয়ে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর (+৮৮০১৬৩৫৬০১১২১) ব্যবহার করে ভারত (চেন্নাই), নাইজেরিয়া (আবুজা) এবং কানাডায় (টরন্টো) অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে যোগাযোগ করেন। ফোনে নিজেকে সরকারের শীর্ষ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তিনি অত্যন্ত গোপনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করেন।
সংশ্লিষ্ট কূটনীতিকরা জানান, মন্ত্রিপরিষদ সচিব সরাসরি মিশনগুলোতে এমন স্পর্শকাতর তথ্য চেয়ে যোগাযোগ করাটা অস্বাভাবিক মনে হওয়ায় তাদের সন্দেহ জাগে।
এপ্রিলের প্রথম সপ্তাহে এক কূটনীতিককে ফোন দিয়ে তথ্য চাইলে তিনি দ্রুত ঢাকা থেকে বিষয়টি যাচাই করেন এবং নিশ্চিত হন ঢাকা থেকে এমন কোনো কল দেওয়া হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৯ এপ্রিল এক মেমোতে জানিয়েছে, এ ধরনের জালিয়াতি দেশের জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সরকারি যোগাযোগের আড়ালে এই অপতৎপরতা রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি আস্থার জায়গাটি নষ্ট করে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় আইন প্রয়োগকারী সংস্থাকে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এর মাধ্যমে কোনো গোপনীয় তথ্য পাচার হয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।


