ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক জামাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।
বুধবার সকালে গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অধ্যাপক জামাল উদ্দীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকালে তাকে আদালতে পাঠানো হয়।’
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।
তখন পুলিশ জানিয়েছিল, ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের এডিসি মো. রেজওয়ানুল ইসলাম জানান, গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা থেকে পুলিশ তাকে আটক করে। পরে নিষিদ্ধঘোষিত কার্যক্রমের অপরাধে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, আ ক ম জামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক।


