ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ বিস্ফোরণে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে মেট্রো স্টেশনের নিচের এলাকায় এসব ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘হয়তো সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর থেকে কেও এটা নিক্ষেপ করেছে। আমরা সিসি টিভি ক্যামেরার ফুটেজ চেক করছি। যত দ্রুত সম্ভব এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
শাহবাগ থানার উপপরিদর্শক কামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো ককটেল। উদ্ধার করা অংশগুলো পরীক্ষা করে বিস্ফোরকে কী ধরনের রাসায়নিক ছিল, তা নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, ‘মনে হচ্ছে গানপাউডারের মতো কিছু থাকতে পারে।’
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদ বলেন, ‘টিএসসিতে সাকিবের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি শব্দ শুনে পিছনে তাকাতেই দেখি, একজন মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যাচ্ছে।’


