রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এ এস মো. আবদুল হাছিব।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক এ এস মো. আবদুল হাছিবকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরের চার বছর। একই সঙ্গে তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন তিনি।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কর্মরত রয়েছেন আবদুল হাছিব। এবার নতুন বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হলেন তিনি।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। ঢাকার সাতটি কলেজ নিয়ে এ বিশ্ববিদ্যালয়টি গঠিত।


