জুলাই সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্বাক্ষর করবেন দলটির প্রতিনিধিরা। দুপুর দেড়টার দিকে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার সন্ধ্যা ৬টার দিকে জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবেন।
প্রতিনিধিদলে আরও থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন ও মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
এর আগে, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বিএনপি, জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। সেসময় সই করেনি এনসিপি। তারা ঘোষণা দেয়, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সই করা হবে না।


