সাত কলেজকে একীভূত করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ (ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি) অধ্যাদেশের প্রতিবাদে ঢাকার বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করছেন কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে কয়েকজন শিক্ষকও বিক্ষোভে অংশ নেন।
প্রস্তাবিত এই অধ্যাদেশ বাতিলের দাবিতে বুধবার দুপুরে ইডেন কলেজের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন হাজারও মানুষ।
ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ শামছুন নাহার বলেন, ‘স্কুলিং মডেলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত হতে চায় না ইডেনের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজিয়েট মডেলে থাকতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যেমন অধিভুক্ত ছিল তেমন।’
একই দাবিতে ঢাকা কলেজের সামনে মানববন্ধন করেন কলেজের শিক্ষকরা। তারা জানান, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবেই তারা থাকতে চান।
অন্যদিকে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকার সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ফলে এ পথেও তীব্র যানজটের সৃষ্টি হয়। কলেজের অনার্স শিক্ষার্থীরা ওই মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এর আগে, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ‘স্কুলভিত্তিক’ কাঠামোতে ঢাকা কলেজকে যুক্ত করার প্রতিবাদে মঙ্গলবারও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন কলেজটির উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।
গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলসহ রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।


