ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারায়ণ চন্দ্র সরকার (৬৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, কারারক্ষীরা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় নারায়ণ চন্দ্র সরকারকে হাসপাতালে আনেন। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত নারায়ণ চন্দ্র সরকার হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিস্তারিত জানা যায়নি। তার বাবার নাম কুঞ্জ বিহারী সরকার বলে জানান ফারুক।


