ঢাকার আজিমপুরে ট্রাক চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তার নাম আমজাদ হোসেন (৪৫)। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে লালবাগ আজিমপুর এতিমখানার বিপরীত পাশের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্বজনরা আমজাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সাকিব হোসেন জানান, তাদের বাড়ি ঢাকার দোহার উপজেলার জৈনকি গ্রামে। বর্তমানে তারা ফার্মগেটের তেজকুনিপাড়া এলাকায় থাকেন।
সাকিবের তথ্যানুযায়ী, বাবা আমজাদ হোসেন বৃহস্পতিবার রাতে বাসা থেকে রিকশা নিয়ে বের হন। এরপর শুক্রবার ভোরে পুলিশের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর জানতে পারেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দেখেন তার বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। পরে তাকে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
নিহতের ছেলে আরও বলেন, ‘পুলিশের মাধ্যমে জানতে পারি ভোরে এতিমখানার সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে বাবা রাস্তায় পড়ে যান। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।’
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানা পুলিশ তদন্ত করছে।


