ঢাকার ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় আলাদা ঘটনায় একই দিনে এক শিশুসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শনিবার এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন—ওয়ারী থেকে উদ্ধার হওয়া চা দোকানের কর্মচারী মানিক (২৬) এবং যাত্রাবাড়ীর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রনি (১০)।
শনিবার রাতে যাত্রাবাড়ী পুবাইল এলাকায় একটি বাড়ির বাথরুমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে যাত্রাবাড়ীর ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। নিহতের বাবা জানান, তারা যাত্রাবাড়ী পুবাইল এলাকায় নান্নু মিয়ার বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকেন। তাদের বাড়ি নোয়াখালীর চাটখিল থানার শিবপুর এলাকায়।
বাবার দাবি, পড়ালেখায় অবহেলার কারণে বকাঝকা করায় তার ছেলে আত্মহত্যা করেছে।
বাথরুম থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মধ্যরাতে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই দিন বিকাল ৪টার দিকে ওয়ারী বিসিসি রোডে নিজের বাসা থেকে মানিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাকশিলায়। তিনি মৃত ইউনুস সরকারের ছেলে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর মোড়ল জানান, শনিবার খবর পেয়ে ওই বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।


