অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬ টা পর্যন্ত বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
রংপুর রেঞ্জ উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আমিনুল ইসলাম জানান, অভিযানে রংপুরে ৬ জন, গাইবান্ধায় ৩, কুড়িগ্রামে ১০, লালমনিরহাটে ৬, নীলফামারীতে ৯, দিনাজপুরে ১২, ঠাকুরগাঁওয়ে ১ এবং পঞ্চগড় থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যা চেষ্টা, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা বিভিন্ন মামলার আসামি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, আসামিদের কাউকেই ছাড় দেয়া হবে না।


