দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরের এক দিনে সবচেয়ে বেশি ১ হাজার ৭৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে আটজনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবারের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন রোগীদের মধ্যে ১ হাজার ১০২ জন পুরুষ এবং ৬৩১ জন নারী। এ নিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ হাজার ৩০৭ জন এবং নারী ২০ হাজার ২২২ জন।
গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও ছয়জন নারী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। মৃতদের মধ্যে ৭৪ জন পুরুষ এবং ৮২ জন নারী।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৮২ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৪৯ হাজার ৩৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৩৮ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩ হাজার ৪৩৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬০৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১ হাজার ৩৩০ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক হিসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ হাজার ৭৬৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮ হাজার ৭২৯ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকেও ঢাকা শহরের দুই সিটি করপোরেশন এলাকায় সংখ্যা উল্লেখযোগ্য। একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন রোগী ভর্তি হয়েছেন।


