মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সর্বোচ্চ ৭৩ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের হার ঢাকা বিভাগে, ৫৯ জন। আর রোগটিতে ঢাকায় তিনজন মারা গেছেন।
নতুন করে আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৪ জন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৭ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ১ শতাংশ নারী।
এ বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৩ হাজার ২২০ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


