ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৪ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, রংপুর বিভাগে ১০ জন ও সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
মারা যাওয়া দুজনের মধ্যে একজন বরিশাল বিভাগে এবং অন্যজন ময়মনসিংহ বিভাগের।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪২ হাজার ৫০৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮১ জনের। তবে একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৫ জন। ফলে চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১৮৬ জনে।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


