চট্টগ্রামে ভোক্তা অধিকার রক্ষায় অভিযান চালিয়ে দুটি পেট্রোল পাম্পকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকায় অবস্থিত বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।
একই দিনে কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং পেট্রোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে তাদের ডিসপেন্সিং ইউনিটে জ্বালানির পরিমাপ সঠিক পাওয়া গেছে।
এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার।
অন্যদিকে, একই এলাকার খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেডের পরিমাপ সঠিক এবং প্রয়োজনীয় সব সনদ হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।


