চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে এক মসজিদের ইমাম নিখোঁজ হয়েছেন।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। রোববার সকালে আবারও উদ্ধার কার্যক্রম চালানো হবে।
নিখোঁজ ব্যক্তির নাম মুফতি মো. শামছুদ্দিন (৩৪)। তিনি চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম। তার বাড়ি জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামে।
এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াছ জানান, ইমাম শামছুদ্দিন জোহরের নামাজের পরে এতিনখানাসংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। আছরের ওয়াক্তের আগ পর্যন্ত তিনি না আসায় নদীর পাড়ে খোঁজ করতে যাই। সেখানে গিয়ে দেখি তার জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। এতিমখানার ছাত্রদের নিয়েও তাকে খুঁজে পাইনি। পরে বিষয়টি সভাপতি আব্দুর রহমানকে জানাই।
এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী বলেন, বিষয়টি নৌ ফায়ার সার্ভিস চাঁদপুর স্টেশনে জানানো হয়। সেখান থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। কিন্তু খোঁজ পাওয়া যায়নি। মডেল থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেলা ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আমাদের ডুবুরি টিম নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে। আগামীকাল রোববার সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।’


