দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার ভোরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। ভোর ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পাকিস্তানি ক্রিকেটাররা। যদিও পুরো স্কোয়াডের সবাই এখনো ঢাকায় পৌঁছাননি, দুই ধাপে স্কোয়াডে যোগ দেবেন ক্রিকেটাররা। প্রথম ধাপে শান মাসুদ-শাহীন শাহ আফ্রিদিরা এলেও বাকিরা যোগ দেবে রোববারের পাকিস্তান সুপার লিগের ফাইনাল শেষে।
আগামী ৮ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শুরু হবে ১৬ মে থেকে।
সর্বশেষ ২০২১ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। পাঁচ বছর পর চেনা মাঠে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে।
২০২৫ সালের নভেম্বরের পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলেন মুশফিকুর রহিমরা। এবার প্রায় ছয় মাস পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের সিরিজে দুই নতুন মুখ অন্তর্ভুক্ত করেছে নির্বাচক কমিটি। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম ও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার অমিত হাসান।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।
পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মুহাম্মদ গাজী ঘোরি , নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি


