কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। পরে হামলাকারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
সিবিসি নিউজের খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই হামলা হয়।
পুলিশ জানায়, হামলার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলের ভেতর থেকে ছয়জন এবং পাশের একটি বাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হামলার গুরুতর আরও দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে অন্তত ২৫ জনকে। স্কুলের ওয়েবসাইট অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ১৬০ জন শিক্ষার্থী রয়েছে।
সন্দেহভাজন হামলাকারীকেও স্কুলের ভেতরেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি নিজেই নিজেকে গুলি করেছেন বলে ধারণা করছে পুলিশ।
আরসিএমপি স্টাফ সার্জেন্ট ক্রিস ক্লার্ক সিবিসি নিউজকে বলেন, সন্দেহভাজনের পরিচয় বা বয়স সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। তিনি একজন বাদামি চুলের নারী বলে নিশ্চিত করা গেছে।

তিনি আরও বলেন, এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে প্রায়ই একাধিক বন্দুকধারী জড়িত থাকার খবর পাওয়া যায়। কাজেই পুলিশ সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল জানিয়েছে, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকায় শিক্ষার্থীদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই স্কুলটি হামলার শিকার সেকেন্ডারি স্কুল থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত।
২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, টাম্বলার রিজে প্রায় দুই হাজার ৪০০ মানুষের বাস। শহরটি ভ্যাঙ্কুভার থেকে প্রায় ৬৬০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
পিস রিভার সাউথ অঞ্চলজুড়ে থাকা স্কুল ডিস্ট্রিক্ট ফিফটি নাইন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি ও পাশের টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুলে ‘হোল্ড অ্যান্ড সিকিউর’ লকডাউন জারি করা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ‘শেল্টার ইন প্লেস’ (নিজ নিজ জায়গায় অবস্থান করা) নির্দেশনা তুলে নিয়েছে পুলিশ।


