কক্সবাজারের টেকনাফে শহীদ উল্লাহ (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়ার শেষ প্রান্ত ও বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত শহীদ উল্লাহ একই এলাকার সোনা মিয়ার ছেলে।
গুলিবিদ্ধ যুবকের ভাই শওকত জানান, দোকান থেকে বাড়ি ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ আমিন তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে ধস্তাধস্তির সময় সৈয়দ আমিন তার ভাইকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পিঠের ডান পাশে লাগে। পরে আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।
অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে তিনি পুরোনো রোহিঙ্গা নাগরিক হিসেবে পরিচিত বলেও অভিযোগ করেন শওকত।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুবন দাস বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহীদ উল্লাহকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রশিদ মিয়া স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘নোয়াখালীপাড়া ব্রিজের ওপর বসে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে শহীদ উল্লাহকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, শহীদ উল্লাহ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার রহস্য বের করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


