কক্সবাজারের টেকনাফে নিখোঁজ প্রবাসী জাহেদ হোসেনের মরদেহ গহীন পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহেদ ওই এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী এবং মালয়েশিয়ায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৬ জানুয়ারি একদল দুর্বৃত্ত জাহেদকে বাড়ি থেকে ডেকে পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে কাঠ কাটতে যাওয়া একদল কাঠুরিয়া এক ব্যক্তির বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিচয় নিশ্চিত হয়ে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পুলিশকে খবর দেন।
নিহতের স্বজনদের দাবি, জাহেদের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আব্দুস সালাম (৪৫), গুরা মিয়া (৪১) এবং শাহ আলম (৩৪) নামের তিনজনকে আটক করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


