স্বরাস্ট্র মন্ত্রণালয়ের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডে তিন শীর্ষ সন্ত্রাসীসহ একাধিক দুর্ধর্ষ সন্ত্রাসীর নাম সামনে এসেছে। চলছে পাল্টাপাল্টি দোষারোপ। এর মধ্যে অন্যতম সন্দেহভাজন টিটনের বন্ধু ও বোনজামাই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন। অন্যজন শীর্ষ সন্ত্রাসী ইনামুল হাসান ওরফে পিচ্চি হেলাল। এছাড়া আছে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ছোটভাই তোফায়েল আহমেদ জোসেফের নামও।
টিটন খুনে একাধিক টপ টেররের নাম আসায় আন্ডারওয়ার্ল্ডে চলছে নানা সমীকরন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেছেন, জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের কারণে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তাদেরকে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হচ্ছে। নেওয়া হচ্ছে প্রযুক্তির সহায়তা।
ডিবি পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, মামলার এজাহারে টিটনের ভাই সাঈদ আক্তার রিপন সন্দেহভাজন হিসেবে পিচ্চি হেলালের নাম উল্লেখ করেছেন। আবার টিটনের নিজের বোন নীলা ও তার স্বামী ইমনের সঙ্গে টিটনের পারিবারিক বিরোধ ছিল। কারামুক্তির পর টিটনের জামিন বাতিলের ব্যবস্থা করেছিল ইমন।
এছাড়া পুলিশের তদন্তে ২৭ বছর আগে ভাই সাঈদ আহমেদ টিপু খুনে জড়িত সন্দেহে টিটনকে হত্যার নেপথ্যে জোসেফের নামও এসেছে। টিপু ১৯৯৯ সালের ১৩ মার্চ রাজধানীর খিলক্ষেত এলাকায় বিমানবন্দর সড়কে খুন হন। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ ও গোয়েন্দারা এসব তথ্য যাচাই বাছাই করছে। মামলার ছায়া তদন্ত করছে র্যাব।
এদিকে, পিচ্চি হেলাল দাবি করেছেন, টিটন তার বন্ধু। দীর্ঘদিন ধরে বোন নীলা ও ভগ্নিপতি ইমনের সঙ্গে টিটনের বিরোধ চলছিল। কাঁটা দিয়ে কাঁটা তুলতে ইমন এখন টিটনকে খুন করে পরিকল্পিতভাবে অন্যের উপর দায় চাপানোর সুযোগ খুঁজছেন।
গত মঙ্গলবার রাতে রাজধানীর নিউমার্কেট বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
আলোচিত এ হত্যাকাণ্ডে বুধবার দুপুরে একটি হত্যা মামলা করেন টিটনের ভাই রিপন। মামলার এজাহারে বাদী সুনির্দিষ্ট করে কাউকে আসামি করেননি। তবে সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান, রনি ওরফে ড্যাগার রনির নাম উল্লেখ করেছেন। তাদের সঙ্গে বছিলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে টিটনের বিরোধ চলছিল বলে উল্লেখ করেছেন বাদী।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব বৃহস্পতিবার জানান, টিটন হত্যার ঘটনায় রিপনের দায়ের করা মামলায় অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।


