শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা গুলশানের ফ্ল্যাট জালিয়াতি মামলায় বিচারের জন্য বদলির নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে চার্জগঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ অন্যান্য আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) এ গেজেট প্রকাশ করা হয়েছে। মামলাটির বিচারের জন্য ঢাকার বিশেষ জজ-৫ আদালতে বদলির নির্দেশ দেয় আদালত।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর একটি ফ্ল্যাট দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।
মামলার পর চলতি বছরের জুলাই মাসে মামলার আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলে দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়। গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় টিউলিপ ও মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।


