টাকার ছবি দিয়ে কন্টেন্ট: সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

টাকার ছবি দিয়ে কন্টেন্ট: সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে টাকার নোট নিয়ে কনটেন্ট তৈরি বা প্রচারণা চালানো যে দণ্ডনীয় অপরাধ–সেটি মনে করিয়ে দিয়ে এ বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। আসল নোটের মতো কাগজ তৈরি করা, প্রচার কার্যক্রমে ব্যবহার করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও চিত্র ও ছবি দেখা যাচ্ছে, যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের মতো, কখনো আসল নোটের তুলনায় বড় আকারের নমুনা নোট ব্যবহার করে নিজস্ব প্রচারণা চালানো বা কনটেন্ট প্রস্তুত করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও বলছে, বাজারে বা উন্মুক্ত স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রচারণা পরিচালনার ঘটনাও লক্ষ করা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করে।

বাংলাদেশ ব্যাংক বলছে, আসল নোট সদৃশ কাগজ তৈরি, প্রচার কার্যক্রমে ব্যবহার বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও চিত্র প্রস্তুত করে প্রদর্শন আইনত দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুন

বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০–এর ধারা ৪৮৯(৬) অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এমন নথি, কাগজ বা বস্তু প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করে, যা প্রচলনে থাকা ব্যাংক নোট সদৃশ এবং বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম হয়, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজবমূলক তথ্য প্রচারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইনের ধারা ২৫ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।

তাই বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে জাল নোট প্রচলন প্রতিরোধে অধিক সতর্কতা অবলম্বনের পাশাপাশি এমন বিভ্রান্তিকর তথ্য বা কনটেন্ট তৈরি এবং অননুমোদিত কর্মকাণ্ড সংঘটন ও প্রচারণা থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad