গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার রাতে টঙ্গী বাজার এলাকার সফুরুন নেছা মার্কেটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, এদিন রাত ১০টার পর মার্কেটের দোকানপাট বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১১টার দিকে স্থানীয় লোকজন মার্কেটের টিনের চালার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়।
ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।


