ঝিনাইদহের মহেশপুরে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ৪ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে অফিসে থাকা চেয়ার, টেবিলসহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাত ১টার দিকে দুর্বৃত্তরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তে আগুনে পুড়ে যায় অফিসে থাকা সব আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি। সে সময় কয়েকবার বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। টের পেয়ে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘কয়েকদিন আগে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে একটি বিষয় নিয়ে সংঘাতের সৃষ্টি হয়। কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে, তা জানি না।’
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, সেখানে কিছু বিস্ফোরণ ঘটানো হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ককটেল বা পটকা জাতীয় কোনো বস্তুর আলামত পায়নি। পেট্রোল বা কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগানো হয়। তবে কার্যালয়টির শার্টার বন্ধ করা ছিল।
ভেতরে প্লাস্টিকের চেয়ার টেবিল পুড়ে গেছে। বদ্ধ ঘরের মধ্যে আগুন ও ধোয়ার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


