ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে নিজেদের বাড়িতে ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত ইলেকট্রিক ফ্যান থেকে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
নিহতরা হলেন গাগান্না গ্রামের মজিবর খাঁ (৬২) এবং তার স্ত্রী মোমেনা খাতুন(৫৭)। নিহতদের তিন ছেলে-মেয়ের মধ্যে বড় ছেলে বকুল বিজিবিতে চাকরি করে, মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ছোট ছেলে বিল্লাল হোসেন আলাদা থাকেন। মজিবর খা ও স্ত্রী মোমেনা খাতুন নিজেরাই বাড়িতে থাকতেন।
নিহতদের ছোট ছেলে বিল্লাল হোসেন বলেন, ‘আমি আলাদা বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে সেখানে থাকছি। সকালে আমার মা আমাকে ধান মাড়াইয়ের কাজের জন্য ডেকে আসেন। আমি এসে দেখি আমার মা-বাবা দুজনেই ধান কাজে ব্যবহারের জন্য একটি বড় স্ট্যান্ড ফ্যানের সঙ্গে উঠানে পড়ে আছেন। আমি তাদের ধরতে গেলে নিজেও বিদ্যুতায়িত হই।’
‘পরে ফ্যানের তার খুলে দেখি আমার বাবা-মা দুজনেই সংজ্ঞাহীন। তাদের ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় অনেক আগেই তারা মারা গেছেন’, যোগ করেন তিনি।
ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, ‘দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


