ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
উদ্ধারকৃত দুটি অবিস্ফোরিত গ্রেনেড | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের সময় মাটির নিচে পুতে রাখা দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গড়িয়ালা গ্রামের একটি বাড়ি নির্মাণকাজের সময় মাটি খননের এক পর্যায়ে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্মাণ শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি খোঁড়ার সময় মরিচা ধরা দুটি গ্রেনেডের মতো বস্তু উঠে আসে। এ সময় তারা দ্রুত কাজ বন্ধ করে পুলিশকে খবর দেন।

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাশিদুল ইসলাম বলেন, গড়িয়ালা গ্রামের বাবু শিকদার নতুন বাড়ি নির্মাণ করছিলেন। মাটি খোঁড়ার সময় শ্রমিকরা দুটি বোমা সদৃশ বস্তু পেলে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন

ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেনাবাহিনীকে জানান তিনি। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে গ্রেনেড দুটি উদ্ধার করে নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, মুক্তিযুদ্ধের সময় সদর উপজেলার বিষয়খালী ও গড়িয়ালা এলাকায় ব্যাপক যুদ্ধ সংঘটিত হয়েছিল।

ধারণা করা হচ্ছে, সে সময় কোনো এক পক্ষ গ্রেনেড দুটি মাটির নিচে পুঁতে রেখে যায়। দীর্ঘদিন মাটির নিচে থাকায় গ্রেনেডগুলোতে মরিচা ধরেছে। তবে সেগুলো অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ (বোমা ডিস্পোজাল) ইউনিট ঘটনাস্থল থেকে গ্রেনেড দুটি নিজেদের হেফাজতে নিয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad