ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দেলোয়ার বিশ্বাস (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জোড়াদহ ইউনিয়নের হরিশপুর ও পাখিমারা এলাকার বরইতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার বিশ্বাস হরিশপুর গ্রামের খয়বার বিশ্বাসের ছেলে। আহতরা হলেন হরিশপুর গ্রামের আতিয়ারের ছেলে শুভ (২২), একই গ্রামের ভিকু মণ্ডলের ছেলে আবু তালেব (৫৫) এবং ভায়না গ্রামের আনোয়ারের ছেলে মাহাবুর। তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বরইতলা নামক স্থানে বেড়াতে গিয়ে মোটরসাইকেলের হর্ন বাজানো ও সাইড দেওয়া নিয়ে হরিশপুর গ্রামের শুভ ও পাখিমারা গ্রামের লাল্টুর (৫০) মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে হরিশপুর ও পাখিমারা গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে দেলোয়ার আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গুরুতর অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা গেছেন। এই তার পরিবার থেকে এখনো মামলা করা হয়নি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি জানান।


