জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সালিম সামাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ কলামিস্ট ও লেখক মহিউদ্দিন আহমদ। তিনি জানান, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। রোগটি চতুর্থ স্টেজে ছিল এবং শরীরের বিভিন্ন অংশে, এমনকি মস্তিষ্কেও ছড়িয়ে গিয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলেও তাকে পুরো পরিস্থিতি জানানো হয়নি।
সালিম সামাদের জন্ম ১৯৫২ সালের ১৩ নভেম্বর। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সালিম সামাদ অনুসন্ধানী সাংবাদিকতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। সাহসী ও প্রভাবশালী প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ ১৯৯০ সালে তিনি অশোকা ফেলো নির্বাচিত হন। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ছাড়াও ভারতের আউটলুক ও ইন্ডিয়া টুডে পত্রিকায় নিয়মিত লিখেছেন তিনি।
পরিবেশ ও উন্নয়ন বিষয়ে তার অনুসন্ধানী প্রতিবেদন ও গবেষণা কাজ দেশে-বিদেশে প্রশংসিত হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান ও মানবাধিকার সংস্থার সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
২০০২ সালে তৎকালীন সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে। সে সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়।
সম্প্রতি তিনি ঢাকা ট্রিবিউন, শুদ্ধস্বর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিভিউসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মাধ্যমে কলাম লিখে আসছিলেন।


