জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যানবাহনভিত্তিক দৈনিক তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জ্বালানি তেলের সরবরাহ সমুন্নত রাখতে যানবাহনভিত্তিক দৈনিক তেল সরবরাহের নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অকটেন বা পেট্রোলের ক্ষেত্রে দৈনিক ট্রিপ অনুযায়ী মোটরসাইকেলে ২ লিটার, প্রাইভেটকারে ১০ লিটার এবং মাইক্রোবাস, এসইউভি ও জিপে ২০ থেকে ২৫ লিটার সরবরাহ করা হবে।
ডিজেলের ক্ষেত্রে দৈনিক ট্রিপ অনুযায়ী পিকআপ ও লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও কনটেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার সরবরাহের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে দেশের জ্বালানি তেলের মজুত নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।


