জোয়ারের পানিতে ডুবল কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ‘ওয়াটার অ্যাম্বুলেন্স’

জোয়ারের পানিতে ডুবল কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ‘ওয়াটার অ্যাম্বুলেন্স’
শনিবার সকালে বড়ঘোপ স্টিমার ঘাট এলাকায় ওয়াটার অ্যাম্বুলেন্সটি পানিতে তলিয়ে যায় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র ‘ওয়াটার অ্যাম্বুলেন্স’টি জোয়ারের পানিতে ডুবে গেছে।

দীর্ঘদিন অব্যবস্থাপনা ও অযত্নে পড়ে থাকা অ্যাম্বুলেন্সটি শনিবার সকালে বড়ঘোপ স্টিমার ঘাট এলাকায় পানিতে তলিয়ে যায়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কুতুবদিয়া-মগনামা চ্যানেলে জরুরি রোগী পরিবহনের জন্য বিশেষভাবে এই জলযানটি দিয়েছিল।

তবে স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্সটি উদ্বোধনের পর থেকেই নিয়মিত ব্যবহারের বাইরে ছিল। প্রায় দেড় বছর ধরে এটি বড়ঘোপ স্টিমার ঘাট সংলগ্ন খালে নোঙর করা অবস্থায় পরিত্যক্ত পড়ে ছিল।

আরও পড়ুন

স্থানীয় দোকানদার মো. জাহাঙ্গীর জানান, সকালে জোয়ারের পানি বাড়ার পর অ্যাম্বুলেন্সটির ভেতরে পানি ঢুকে সেটি ডুবে যায়।

কুতুবদিয়ার বাসিন্দা এম শহীদুল ইসলাম বলেন, ‘জরুরি সেবার জন্য দেওয়া হলেও অ্যাম্বুলেন্সটি কার্যকরভাবে ব্যবহৃত হয়নি এবং দেখভালের অভাবে এই পরিণতি হয়েছে।’

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাকিব উল আলম বলেন, `অ্যাম্বুলেন্সটি তলিয়ে যাওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়েছে।’

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গোলাম মারুফ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং দ্রুত এটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad