‘পরবর্তী সরকারকেও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান স্বীকার করতে হবে’

‘পরবর্তী সরকারকেও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান স্বীকার করতে হবে’
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় জুলাই স্মৃতি উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: বাসস
Advertisement
Advertisement

ভবিষ্যতে যারাই দেশ পরিচালনা করুক না কেন, তাদের সবাইকেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদানের কথা স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের সারাজীবন মনে রাখতে হবে। তাদের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং এরপর যারাই সরকারে আসুক, তাদেরকেও এটি স্বীকার করতে হবে।’

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় জুলাই স্মৃতি উদ্যান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘এই পার্কটি জুলাই শহীদদের নামে নামকরণ করা হয়েছে। এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যায় কি না, তা নিয়ে ভাবা হচ্ছে। এজন্য একটি নকশা তৈরি করে শিগগির মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মতামত নিয়ে স্মৃতিস্তম্ভটি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে তাদের স্মৃতি অম্লান থাকে।’

স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে আপত্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে স্মৃতিস্তম্ভ স্থাপন নিয়ে কিছু আপত্তি থাকলেও তা বড় কিছু নয়। আপত্তিগুলো সমাধান করে সামনে এগোনোর চেষ্টা করছি। দুই থেকে তিনটি ভিন্নমত ছিল, সেগুলো সমন্বয় করে এক জায়গায় আনার চেষ্টা চলছে।’

প্রথম ধাপে ৮৩৪ জনের বেশি শহীদ পরিবার সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা পেয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আহতদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসাভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফরেনসিক সংক্রান্ত বিষয় ছাড়া বাকি সব বিষয় শেষ হয়েছে।’

এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad