রাজধানীর উত্তরাপূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযানে ৩৪ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ চোরাকারবারী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও মো. মামুন (২৫)।
বুধবার উত্তরা পূর্ব থানার সমবায় বাজার (বিডিআর মার্কেট) থেকে প্রথমে চার লাখ জাল টাকাসহ মজিবুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা থেকে গ্রেপ্তার হয় দুলাল ও মামুন। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ লাখ জাল টাকা। এছাড়া জব্দ করা হয় জাল টাকা তৈরির কাজে ব্যবহার করা একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, এক রোল সোনালী রংয়ের ফয়েল পেপার, ২০০ টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপ সম্বলিত সাদা কাগজ, ১০০ টি ১০০০ টাকার প্রিন্ট করা কাগজ, দুই লিটারের দুইটি তরল জাতীয় গাম, একটি কাটার এবং জলছাপ বসানোর দুইটি ডাইস।


