জাবি ক্যাম্পাসে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের

জাবি ক্যাম্পাসে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে জোরপূর্বক ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে পুরাতন ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা জানান, ওই শিক্ষার্থী রাতে ক্যাম্পাসের একটি সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকেন। পরে নির্জন এলাকায় পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি জালসদৃশ একটি বস্তু তার গলায় পেঁচিয়ে পাশের ঝোপে টেনে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় মোটরসাইকেলে যাওয়ার পথে কয়েকজন শিক্ষার্থী তার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যায়।

আরও পড়ুন

বাংলা বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী সাফিকুল ইসলাম বলেন, চিৎকার শুনে তারা মোটরসাইকেল থামিয়ে এগিয়ে যান। সেখানে গিয়ে এক ছাত্রীকে আতঙ্কিত অবস্থায় দেখতে পান।

পরে শিক্ষার্থীরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখাকে জানালে নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী জানান, বুধবার সকালে তিনি বাদী হয়ে আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, ঘটনার পরপরই প্রশাসন ঘটনাস্থল তল্লাশি চালায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তি ছাত্রীকে জোর করে ঝোপের দিকে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ব্যক্তির মুখ স্পষ্টভাবে দেখা গেছে। প্রশাসনের ধারণা, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর