জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ছয়টি আবাসিক হল নির্মাণে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে প্রকল্প কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা।
সোমবার সকালে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হুসনি মোবারক এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী চিশতীর উপস্থিতিতে প্রকল্প কার্যালয়ে তালা দেওয়া হয়েছে।
প্রকল্প সংক্রান্ত সব নথি প্রকাশ না করা পর্যন্ত তালা খোলা হবে না বলে ঘোষণা দেন প্রতিনিধিরা।
তাদের দাবির মধ্যে রয়েছে-মাটির পরীক্ষা (সয়েল টেস্ট) প্রতিবেদন, স্থাপত্য নকশা, কর্তৃপক্ষের অনুমোদনপত্র, আর্থিক বিবরণী (জিডিপি-ভিত্তিক ব্যয় বিশ্লেষণ), প্রকল্পের সময়সূচি, ঠিকাদারি তথ্য, তদারকি নোট ও টেন্ডার সংক্রান্ত সব নথি প্রকাশ।
শিক্ষার্থীরা জানান, ২১ তম ছাত্র হল (সাবেক শেখ রাসেল হল), তাজউদ্দীন আহমদ হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, বীর প্রতীক তারামন বিবি হল, ফজিলাতুন্নেসা হল এবং রোকেয়া হল নির্মাণের সব নথি প্রকাশ।
মোহাম্মদ আলী চিশতীর টাইমসকে বলেন, ‘আগে নতুন হল নির্মাণে নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল। শিক্ষার্থীরা হলে ওঠার পর দেখা গেছে ছাদ দিয়ে পানি পড়ে। সম্প্রতি ভূমিকম্পের কারণে দেয়ালে ফাটল, জনবল সংকটসহ নানা ধরনের সমস্যা রয়েছে। এসবের সত্যতা যাচাই ও সমাধানের জন্য আমরা বারবার প্রকল্প প্রতিবেদন চেয়েছি। কিন্তু প্রশাসন গুরুত্ব দেয়নি। তাই প্রকল্প দপ্তরে তালা দিতে বাধ্য হয়েছি।’
সব প্রকল্প সংক্রান্ত নথি দ্রুত প্রকাশ করতে হবে। এগুলো পর্যালোচনা করে হলে চলমান সমস্যাগুলো সমাধান করতে হবে। আর যদি দুর্নীতি ধরা পড়ে তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে’ বলেও জানান তিনি।
এ বিষয়ে প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রমের পরিচালক (পিডি) নাসির উদ্দিনের কাছে জানতে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


