যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পালন করা হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। এর আগে তিনি শহীদ মিনারের পাদদেশে শহীদ দিবসের পতাকা উত্তোলন করেন। উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান, প্রক্টর এ. কে. এম. রাশিদুল আলমসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, জাকসু নেতৃবৃন্দ, জাবি সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র শহীদ মিনারের পাদদেশে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শহীদ মিনার, প্রশাসনিক ভবন ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


